গৃহপ্রবেশ – শুধু সিনেমা নয়, এক অনুভবের গল্প

গৃহপ্রবেশ – শুধু সিনেমা নয়, এক অনুভবের গল্প

গৃহপ্রবেশ সিনেমার পোস্টার

পরিচালক: সুপ্রভ ঠাকুর | অভিনয়ে: শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত

এটি ঠিক রিভিউ নয়, আমার অনুভূতির গল্প। বহুযুগ আগে আমি যে সংবাদপত্রে চাকরি করতাম, তাদের জন্য নাটকের রিভিউ লিখতাম। তখন থেকেই ভাবতাম, কিছু সিনেমা নিয়ে লিখে রাখব, যেগুলো মনকে নাড়া দেয় — কিন্তু কখনও আর হয়ে ওঠেনি।

তবে ‘গৃহপ্রবেশ’ দেখার পর থেকেই কিছু কথা না লিখে পারলাম না। আমি থাকি দিল্লিতে। বাংলা সিনেমা দেখা এখানে অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো। প্রাক্তন দেখেছিলাম আগে, এরপর এই ‘গৃহপ্রবেশ’। তাই দিল্লি এনসিআর-এ সিনেমাটি মুক্তি পাবে শুনে খুব খুশি হয়েছিলাম। মেয়েকে বলেছিলাম বৃহস্পতিবার টিকিট কাটতে — সে ভুল করে আগের দিনই কেটে ফেলে। সময় কম, বের হতে না পারলে মুভি মিস হবে। শেষমেশ পাঁচ মিনিট আগে পৌঁছে যাই হলে।

banner

🍃 সিনেমাটি – এক কবিতার কোলাজ

প্রথমেই বলি, এই সিনেমাটি গল্প কম, কবিতা বেশি। ছোট ছোট মুহূর্তের কোলাজ — যেন জীবনের একেকটি কবিতা। ঠিক যেমনটা মনে হয়েছিল বহু আগে জোয়া আখতারের 'Zindagi Na Milegi Dobara' দেখে। শুরুতেই ঝড়ের তাণ্ডব — যেন ভবিষ্যতের অশনি সংকেত। মেঘ আসে, এলোমেলো করে দেয় রায় পরিবারকে।

গল্পে আসে এক স্ত্রীর অনন্ত অপেক্ষা, এক বাবার গোপন ইমেইল... প্রেম, দোলাচল, ভুল এবং ফেরা।

তিতলি আর মেঘের প্রেম যেন এক অলীক সুর, কখনও কাছাকাছি, কখনও দূর। বিলুর গল্প যেন গল্পের ভিতরে আরেক গল্প — এক অনাথ ছেলের দ্বন্দ্ব, ভুল এবং শুদ্ধতায় ফেরা।

🌟 অভিনয় – প্রত্যেকে চরিত্র হয়ে উঠেছেন

এই সিনেমায় কেউ “অভিনয়” করেননি। প্রত্যেকেই যেন চরিত্রে মিশে গেছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় বারবার প্রমাণ দিচ্ছেন তাঁর অভিনয় ক্ষমতার — ‘পরিণীতা’, ‘ইন্দুবালা’, এবং এবার ‘গৃহপ্রবেশ’। তিতলি চরিত্রে তাঁর অপার্থিব সৌন্দর্য ও আবেগ ছুঁয়ে যায় হৃদয়।

জিতু কামাল (আর্য সিংহ রায়) – তাঁর উপস্থিতি পর্দায় এক অদ্ভুত টান তৈরি করে। এক ভদ্রমহিলা জানালেন, ৩৫ বছর পর হলে এসে সিনেমা দেখলেন শুধুমাত্র জিতুর জন্য।

সোহিনী সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল, স্নেহা চ্যাটার্জি — প্রত্যেকে নিখুঁত। এমনকি কাজের মেয়ের চরিত্রেও দারুণ অভিনয়।

শাওন — এই মুভির আত্মা, যদিও বর্তমান গল্পে অনুপস্থিত, তার স্মৃতিতে আমরা বারবার ফিরে যাই। দর্শক হিসেবে তাকে আরও দেখতে ইচ্ছে করে।

🎭 পরিচালনা ও উপস্থাপনা

সুপ্রভ ঠাকুর প্রথম ছবিতেই বুঝিয়ে দিলেন — নাট্যমঞ্চের অভিজ্ঞতা কীভাবে বড় পর্দায় আত্মবিশ্বাসের সাথে আনতে হয়। সিনেমার শেষে ওপেন এন্ডিং — যা সবাইকে এক মুহূর্তের স্তব্ধতা এনে দেয়। কেউ প্রস্তুত ছিল না এই মোচড়ের জন্য।

📢 শেষ কথাঃ দেখেই ফেলুন!

এটি শুধু সিনেমা নয় — এটি এক যাত্রা, এক আবেগ। অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলা হলো না। আপনি হলে গিয়ে দেখে নিন ‘গৃহপ্রবেশ’। হয়তো আপনার মধ্যেও একরাশ অনুভূতি জন্ম নেবে... যেমন জন্মেছিল আমার মধ্যে।

#গৃহপ্রবেশ #Grihoprobesh #Shubhshree #JeetuKamal #BanglaCinema #FilmReview #FeelingsNotReview

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ